পুণ্যভূমি ডেস্ক
এপ্রিল / ১০ / ২০২৩
বিভিন্ন দাবীতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে পুলিশী বাঁধার অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপির তিন কর্মী আহত হয়েছেন বলে জেলা বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সোমবার নগরীর রেলগেইট পয়েন্টে অবস্থান কর্মসূচির আয়োজন করে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বেলা আড়াইটার দিকে কর্মসূচিটি শুরু হয়। এর পর বেলা সাড়ে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানার ওসি সামসুদ্দোহার নেতৃত্বে একদল পুলিশ বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতির মধ্যেই বক্তব্য শুরু করেন জেলা বিএনপির সভাপতি। তার বক্তব্য চলাকালে পুলিশের পক্ষ থেকে নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এসময় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জনগনের ন্যায্য দাবী নিয়ে আন্দোলন করছি। শুধু বিএনপির নেতাকর্মীরাই অতিরিক্ত দামে নিত্যপণ্য ক্রয় করে না, পুলিশ সহ সাধারণ মানুষও এর ভুক্তভোগী। তাই জনতার আন্দোলনে বাঁধা সৃষ্টি না করে পুলিশের জনগনের পাশে দাঁড়ান। আমার বক্তব্য চলাকালে পুলিশ দলীয় নেতাকর্মীদের উপর হামলা করেছে। এতে আমাদের তিন কর্মী আহত হয়েছ। দেশে এখন পুলিশী রাষ্ট্রে পরিনত হয়েছে। এমন ভাবে একটি দেশ চলতে পারে না।
তবে দক্ষিণ সুরমা থানার ওসি সমসুদ্দোহা হামলার বিষয়টি সঠিক নয় জানিয়ে বলেন, বিএনপি অবস্থান কর্মসূচির কোন অনুমতি ছিলনা। তারা রাস্তায় দাঁড়িয়েছিল, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি। এতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।