নিজস্ব প্রতিবেদক
এপ্রিল / ২১ / ২০২৩
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। তবে বৈরী আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। আর এক ঘণ্টা পর পর ৮, ৯ ও ১০ টায় তিনটি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
সিলেটে ঈদের জামাতঃ
নগরে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহে মন্ত্রী, সিটি মেয়র, এমপিসহ শীর্ষ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তা থেকে সর্বস্তরের মানুষ একসঙ্গে ঈদের জামাত আদায় করবেন। এছাড়া হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ ও হজরত শাহপরাণ (রহ.) মাজার মসজিদ, টিলাগড় মদনী ঈদগাহ, সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত হবে সকাল ৮টায়। নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের জামাত হবে তিনটি। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম, সাড়ে ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার ছোট বড় ঈদগাহ, পাড়ার মসজিদ মিলিয়ে কয়েক শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।