বিজ্ঞপ্তি
নভেম্বর / ১২ / ২০২২
ব্রিটিশ বাংলাদেশি হুজহুর ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড-২০২২ অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ পর্দা উঠল মঙ্গলবার ৮ নভেম্বর ২০২২ লন্ডনের মেরিডিয়ান হলে। নানা আয়োজনে হুজহুর পরিচালক ও ইংল্যান্ডে বাঙালি মালিকানাধিন একমাত্র ইংরেজি পত্রিকা বাংলা মিরর সম্পাদক আব্দুল করিম গণির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ব্রিটেনের শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, আইনজীবি, চিকিৎসক ও কমিউনিটি এক্টিভিস্ট সহ নানা পেশার ৪ শত মানুষ উপস্থিত ছিলেন।। প্রকাশিত হলো হুজহুর ১৩তম প্রকাশনা। বাংলা মিরর গ্রুপের এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে ২৭০ জন ব্রিটিশ বাংলাদেশির সাফল্যগাথার কথা।
ব্রিটিশ বাংলাদেশি হুজহু যুক্তরাজ্যে বসবাসরত বংলাদেশিদের বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান ও উৎকর্ষের বিবরণ নিয়ে প্রকাশিত হয় প্রতি বছর।
এ বছরও এর ব্যতিক্রম হয়নি। এবারের প্রকাশনায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। ব্রিটিশ-বাংলাদেশি তৃতীয় প্রজন্মকে যুক্ত করে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে।
কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য কমিউনিটির ১০ জন বিশিষ্টজনকে হুজহু অ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়। তারা হলেন- সৈয়দ আফসার উদ্দিন এমবিই, টিপু রহমান, আমিন বাবর চৌধুরী, হেনা চৌধুরী, কাউন্সিলর সেলিম চৌধুরী, নাজমুল ইসলাম নুরু, আখলাকুর রহমান আকি, ব্যারিস্টার লুৎফুর রহমান, মোহাম্মদ শামসুর রহমান নিকেল ও সাইদুর রহমান রানু।
অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি হুজহুর প্রধান সম্পাদক আব্দুল করিম গণি বলেন, কোভিড মহামারির ফলে আমাদের ইভেন্ট এবং বার্ষিক প্রকাশনা বন্ধ করতে হয়েছিল। তারপরও কমিউনিটির সহযোগিতায়, গুরুত্বপূর্ণ এ প্রকাশনা এবং গালা অনুষ্ঠানটি আবার শুরু করা হয়েছে।
জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলি ও ব্যারিস্টার আনোয়ার বাবুলর পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিলেতের জনপ্রিয় সংগীত শিল্পী সাদিয়া আফরোজ চৌধুরী ও সুমন শরীফ।
জমকালো এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লেবার পার্টির ডেপুটি লিডার অ্যাঞ্জেলা রেনার, ফয়সল চৌধুরী এমবিই এমএসপি, স্যাম টেরি এমপি, আপ্সানা বেগম এমপি, টাওয়ার হ্যামলেটসের স্পিকার শফি আহমেদ, ক্যামডেনের মেয়র নাসিম আলী, রামসগেটের মেয়র রওশন আরা, সুইন্ডন সিটির মেয়র প্রমুখ।